শবে বরাতে মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় তারেক রহমান

শবে বরাতে মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভকামনা জানান।

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, শাবান মাসের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও মহিমান্বিত রাত হলো শবে বরাত। এই পবিত্র উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

তিনি লেখেন, ‘বরাত’ শব্দের অর্থ নাজাত বা মুক্তি। শবে বরাতের রাতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই রাতে পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার উন্মুক্ত করে দেন। এ কারণেই শবে বরাতের ফজিলত ও মর্যাদা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই রজনী রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।

তারেক রহমান আরও লেখেন, এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভের আশায় সারারাত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। নিজেদের জীবনের ভুল-ত্রুটি, পাপ ও সীমালঙ্ঘনের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এ রাতে এমন সব নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করা সম্ভব হয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নাজাত বা পরিত্রাণ লাভ। বিশ্বাসী মুসলমানরা এই রাতে সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামীন তাঁর কাছে সাহায্যপ্রার্থীদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আমরা সবাই যেন সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় নিজেদের নিবেদিত রাখি। এই মহিমান্বিত রাতে এমন নিয়ত ও অঙ্গীকার নিশ্চয়ই আল্লাহ তায়ালা কবুল করবেন।

পোস্টের শেষ অংশে তারেক রহমান বিশ্ব শান্তি, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ মোনাজাত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পবিত্র শবে বরাতের এই বরকতময় রজনীতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement