জুলাই থেকে প্রচলনে আসছে নতুন ১০ টাকার নোট

জুলাই থেকে প্রচলনে আসছে নতুন ১০ টাকার নোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন নোট সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রচলনে আসবে।

নতুন নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে মুদ্রিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়েছে। এবার এর ধারাবাহিকতায় নতুন ১০ টাকার নোট যুক্ত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমবারের মতো মতিঝিলের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা হবে এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে। ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালু হলেও আগের প্রচলিত কাগজ ও ধাতব নোটগুলো বৈধতা হারাবে না। মুদ্রা সংগ্রাহকদের সুবিধার জন্য ১০ টাকার বিশেষ নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের মিরপুরস্থ টাকা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।

নতুন ১০ টাকার নোটের দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার ও প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি স্থান পেয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পুরো নোটে গোলাপি রঙের আধিক্য লক্ষ্য করা যায়।

নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে ইলেক্ট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সম্মুখভাগে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোয় ধরলে ‘$10 দশ টাকা’ লেখা স্পষ্ট দেখা যায়। সুতার রং নোট নাড়ালে লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে একটি প্যাটার্ন রাখা হয়েছে, যা আলোয় ধরলে ‘১০’ অঙ্কটি দৃশ্যমান হয়। সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনের নির্দিষ্ট অংশে মাইক্রোপ্রিন্টিংও ব্যবহার করা হয়েছে।

নতুন নোটটি দেশের অর্থনীতিতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাধারণ জনগণ ও ব্যবসায়ী উভয়ের জন্য সহজলভ্য হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement