নরসিংদীর শিবপুর উপজেলা ও আশপাশের কয়েকটি এলাকায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সড়ক ও জনপথ বিভাগের চলমান রাস্তা সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণেই নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।
এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা ও সহনশীলতা কামনা করেছে।





























