ব্যবহৃত মোবাইল বিক্রিতে নতুন নিয়ম, জানাল বিটিআরসি

ব্যবহৃত মোবাইল বিক্রিতে নতুন নিয়ম, জানাল বিটিআরসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার আগে অবশ্যই সেই ফোনের নিবন্ধন বাতিল করতে হবে—এমন একটি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি চালু করা হয়েছে।

এই ব্যবস্থার আওতায় দেশে বর্তমানে সক্রিয় সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে। এর ফলে অবৈধ, চোরাই কিংবা অননুমোদিত মোবাইল ফোনের ব্যবহার শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে।

বিটিআরসি আরও জানায়, কোনো ব্যক্তি যদি নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম পরিবর্তন করেন, ফোনটি অন্য কাউকে হস্তান্তর করেন বা বিক্রি করতে চান, তাহলে তার আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটিকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত নিবন্ধন থেকে মুক্ত করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সিম কেনার সময় যে তথ্য ব্যবহার করা হয়েছিল, তা প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ ছাড়া ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রয়োজনে বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সরাসরি সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement