ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টার সময় দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ওই প্রার্থীকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করার দাবি জানানো হবে।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী স ম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন। প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ শুধু সেনাবাহিনীর মনোবল ও মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত হানে। এ ঘটনায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সংগঠনটি আরও উল্লেখ করে, রাজনৈতিক পরিচয় কোনোভাবেই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে রাখে না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়; এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত রাষ্ট্রীয় এলাকা, যেখানে আইন ও নিয়মের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, অভিযুক্ত প্রার্থী যদি তার আচরণের জন্য নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের অবমাননাকর ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পিএনজি’ ঘোষণা করার দাবি জানানো হবে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর সম্মান এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।





























