নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে জামায়াত ও জাপানি প্রতিনিধি দলের আলোচনা

নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে জামায়াত ও জাপানি প্রতিনিধি দলের আলোচনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অংশ হিসেবে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরার কার্যালয়ে জামায়াতের আমিরের সঙ্গে এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত এবং জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।

সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মান বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাপানি প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, এই পর্যবেক্ষণ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া উভয় দেশের ভবিষ্যৎ উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement