ঢাকা–৬ আসনের নির্বাচনে ভোট কেনার অভিযোগে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে হাতেনাতে ধরে সাধারণ জনগণ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন এবং তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে মো. হাবিব ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছিলেন। বিষয়টি নজরে এলে এলাকাবাসী তাকে ধরে রাখে এবং প্রশাসনকে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করার এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



























