ক্যারিবীয় দাপট, ইংলিশদের হারিয়ে দ্বিতীয় জয়

ক্যারিবীয় দাপট, ইংলিশদের হারিয়ে দ্বিতীয় জয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের দ্বৈরথে আজ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে শক্ত ভিতের ১৯৬ রান। তবে শুরুটা ছিল বেশ নড়বড়ে—মাত্র ৮ রানের মধ্যেই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিং সাজঘরে ফেরায় চাপে পড়ে যায় দল।

এরপর রোস্টন চেজের ২৯ বলে ৩৪ ও শিমরন হেটমায়ারের ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস কিছুটা স্থিতি এনে দেয়। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেরফান রাদারফোর্ড। তার ৪২ বলে অপরাজিত বিধ্বংসী ৭৬ রানের সঙ্গে শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের কার্যকর ক্যামিওতে বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন।

১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে আগ্রাসী হলেও সেই গতি ধরে রাখতে পারেনি। ফিল সল্ট ১৪ বলে ৩০ ও জস বাটলার ১৪ বলে ২১ রান করে ফিরে গেলে চাপ বাড়তে থাকে। এরপর গুডাকেশ মোতির ঘূর্ণিতে ব্যাটিং ধস নামে থ্রি লায়ন্সদের ইনিংসে। একে একে টম ব্যান্টন, জ্যাকব বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুককে ফেরান মোতি।

মাঝের দিকে স্যাম কারান ৩০ বলে ৪৩ রান করে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান, তবে অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। উইল জ্যাকস, জোফরা আর্চার কিংবা লিয়াম ডসন—কেউই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড, ফলে ৩০ রানের দাপুটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তিন উইকেট নিয়ে ক্যারিবীয় জয়ের প্রধান নায়ক ছিলেন স্পিনার গুডাকেশ মোতি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement