নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে সরানো হল

নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে সরানো হল Image collected

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক ওয়ার্ড দলনেতা অর্থের বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার ঘটনায় বড় ধরনের অনিয়মের তথ্য সামনে এসেছে। প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এতে জানানো হয়, অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিল থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে যুক্ত করেন।

পরে দায়িত্ব দেওয়ার নাম করে জনপ্রতি এক হাজার ১০০ টাকা করে উৎকোচ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি উদঘাটনের পর ওই ৩৩০ জনকেই নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্য প্রশিক্ষণ ছাড়াই দায়িত্ব পেয়েছিলেন—প্রাথমিক তদন্তে অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় তাদেরও প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে রাজধানীর গুলশান থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারের বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু শারীরিক সক্ষমতাই নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা বাধ্যতামূলক। ভুয়া সনদধারী, অযোগ্য কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত কাউকে দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে আনসার সদস্যের সংখ্যা সাড়ে ৫ লাখেরও বেশি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement