আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল হক আর নেই

আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল হক আর নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪২, ৫ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাবেক এই আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর দীর্ঘ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাকুরিতে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে রাজনীতির ময়দানে প্রবেশ করেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তার একক ও বলিষ্ঠ উদ্যোগে যমুনা নদীর ভাঙন রোধে দীর্ঘ প্রতীক্ষিত জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প সরকারি অনুমোদন পেয়েছিল। এছাড়া নিজের নির্বাচনি এলাকায় গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন, যা স্থানীয় জনগণের জন্য দৃশ্যমান এবং দীর্ঘমেয়াদে উপকারী প্রমাণিত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement