১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৭, ২৫ নভেম্বর ২০২৬

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫৫তম বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর ভারত চলে যাওয়া শেখ হাসিনা তখন থেকে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতের উত্তর প্রদেশের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

ওই বছরের অক্টোবরে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ‘লুটিয়েন্স বাংলো জোন’-এ ভারত সরকারের দেওয়া একটি বাংলোতে থাকছেন তিনি। দিল্লির এই এলাকাটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত এবং সেখানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাদাপোশাকের নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক তাঁর ওপর নজর রাখছেন।

ভারতে অবস্থান করলেও সাক্ষাৎকার, বিবৃতি এবং দূরবর্তী মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন শেখ হাসিনা।

গত জুনে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন, চলতি বছরই বাংলাদেশে ফিরবেন তিনি। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি ‘শক্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। ২১ আগস্ট আমাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের অভূতপূর্ব উন্নয়নে কাজ করেছি।’

এর কয়েক মাস পর, ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুনঃ
Advertisement