মৃত্যুর খবর গুজব, ভালো আছেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

মৃত্যুর খবর গুজব, ভালো আছেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পুরোনো ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৮, ৯ অক্টোবর ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর সঠিক নয়। তিনি আগের চেয়ে ভালো আছেন এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি জানান, নামের মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমনকি বিভ্রান্তির কারণে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভুল তথ্য প্রকাশ করা হয়।

আবিরের ভাষ্য অনুযায়ী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনের নামের মিল থাকায় ভুল করে বর্ষীয়ান এই বিএনপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রয়াত আইনজীবী রফিকুল হোসেনের দাফন মিরপুরে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আবির বলেন, তিনি আগের চেয়ে ভালো আছেন। তবে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

যাতায়াতের সুবিধার জন্য ধানমন্ডির বাসা ছেড়ে এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন তিনি।

তার অসুস্থতার খবর পেয়ে গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান। এরপর থেকে নানা শারীরিক জটিলতার কারণে তিনি অনেকটা নিভৃতে জীবনযাপন করছেন।

শেয়ার করুনঃ
Advertisement