ইশরাককে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় নিতে হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
Published : ১৩:৩৫, ১৯ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, মাদকবিরোধী কার্যক্রমের উদ্যোগ নেওয়া ইশরাককে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিভিন্ন স্থানে তাঁর দলের নেতাকর্মীরা হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন এবং মাদকের বিস্তার বন্ধ করার উদ্দেশ্য নিয়ে কাজ করছিলেন। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আর সেই ব্যর্থতার পরিণতি অন্য একজনকে ভোগ করতে হয়।
দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন থেকে চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের ক্ষোভ ও কষ্টকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবকিছু করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট না পান বা আহত বোধ না করেন। এ বিষয়ে কথা বলার কারণে তাঁকে ‘শাহবাগী’ বা ‘হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা না দেওয়ার আহ্বানও জানান তিনি।
ভুল বোঝাবুঝি দূর করতে দুই পক্ষের মধ্যে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। প্রয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসে তাঁদের উদ্বেগ ও অভিযোগ শোনার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, আলোচনার মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।






























