মেসির বাবা হোর্হে মেসি আর নেই

মেসির বাবা হোর্হে মেসি আর নেই ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৮:২৩, ৮ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি আর নেই। ইনফোবে-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত রাতে আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। রাত আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিওনেল মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ক্যারিয়ারের শুরুর সময় থেকেই তিনি পাশে ছিলেন। পরবর্তী সময়ে মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার পথেও বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মেসির এজেন্ট হিসেবে হোর্হে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আলোচনায় প্রতিনিধিত্ব করেছেন। একই সঙ্গে মেসির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন সিদ্ধান্তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

আগেও ছড়িয়েছিল মৃত্যুর গুজব

হোর্হে মেসির অসুস্থতার খবর দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। এমনকি ২০২৬ বিশ্বকাপ চলাকালেও তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে অবশ্য সেটি মিথ্যা ও গুজব হিসেবে প্রমাণিত হয়।

ওই সময় আর্জেন্টিনার ‘লুজু টিভি’ হোর্হে মেসির মৃত্যুর খবর প্রচার করেছিল। ভুয়া খবর প্রচারের ঘটনায় চ্যানেলটির ‘এল শো দেল বেরানো’ অনুষ্ঠানের সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়াসহ পুরো অনুষ্ঠানটির সংশ্লিষ্ট টিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এবার অবশ্য ইনফোবে-এর প্রতিবেদনে হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় মেসি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুনঃ
Advertisement