জাপানে ২১ কিলোমিটার হুইলচেয়ার ম্যারাথন সম্পন্ন করলেন বাংলাদেশের মোহাম্মদ মহসিন
Published : ০২:২৪, ১৭ নভেম্বর ২০২৬
জাপানের ওয়িতা শহরে অনুষ্ঠিত ৪৫তম Oita International Wheelchair Marathon 2026-এ অংশ নিয়ে ২১ কিলোমিটার দূরত্ব সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের হুইলচেয়ার ব্যবহারকারী, ক্রীড়া সংগঠক ও প্রতিবন্ধী অধিকারকর্মী মোহাম্মদ মহসিন। তিনি ২ ঘণ্টা ১ মিনিটে এই দূরত্ব অতিক্রম করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি।
বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে আন্তর্জাতিক এই ম্যারাথনে অংশগ্রহণ এবং নির্ধারিত দূরত্ব সফলভাবে শেষ করা মহসিনের জন্য এক গৌরবময় অর্জন। তাঁর দাবি, বাংলাদেশের ইতিহাসে হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যিনি দেশের পতাকা বহন করে আন্তর্জাতিক পর্যায়ে ২১ কিলোমিটার হুইলচেয়ার ম্যারাথন সম্পন্ন করেছেন।
দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশে হুইলচেয়ার ক্রিকেটের প্রসারে কাজ করছেন মোহাম্মদ মহসিন। ২০১০ সালে বাংলাদেশে হুইলচেয়ার ক্রিকেটের যাত্রা শুরু করেন তিনি। এরপর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় সম্পৃক্ত করা, প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
জাপানে ম্যারাথনে অংশগ্রহণের পেছনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহসিন। বিশেষভাবে ইয়ামাহার সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ইয়ামাহা, ইপসা (YPSA), ইকুয়াল বাংলাদেশ (Equal Bangladesh), বাপ্পি ভাই ও সুরাইয়া জান্নাতের সহযোগিতা ও অনুপ্রেরণার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া তাঁর এই যাত্রায় বিশেষ সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য আইন দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মোহাম্মদ মহসিন বলেন, “জাপানের মাটিতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে ২১ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করতে পারা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সব হুইলচেয়ার ব্যবহারকারী এবং প্রতিবন্ধী মানুষের সক্ষমতা ও স্বপ্নের প্রতিফলন। আমি বিশ্বাস করি, সুযোগ, সহযোগিতা এবং সঠিক পরিবেশ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনতে পারেন।”
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা, উন্নতমানের স্পোর্টস হুইলচেয়ার, প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি। এসব সুযোগ নিশ্চিত করা গেলে আরও অনেক প্রতিবন্ধী ক্রীড়াবিদ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে পারবেন।
মোহাম্মদ মহসিনের এই অর্জন কেবল ২১ কিলোমিটার ম্যারাথন শেষ করার গল্প নয়; এটি সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সাহস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। জাপানের মাটিতে বাংলাদেশের পতাকা বহন করে তাঁর এই সাফল্য দেশের প্রতিবন্ধী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
































