বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড
Published : ১১:৩৬, ১৮ আগস্ট ২০২৬
ডারউনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ম্যাকেতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ।
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে এটিই একমাত্র পরিবর্তন। প্রথম টেস্টে খেলা মার্নাস লাবুশেনও দলে জায়গা ধরে রেখেছেন।
ডারউনে নিজের ঘরের মাঠে খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি ওয়েদারাল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। ছয় টেস্টের ১২ ইনিংসে তার ব্যাটিং গড় এখন ২০.৩৬।
গত অ্যাশেজে ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি গড়েছিলেন ওয়েদারাল্ড। এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পেয়েছিলেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর এক ম্যাচের মধ্যেই তাকে দল থেকে বাদ দিলেন নির্বাচকেরা।
ওয়েদারাল্ডের ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ওয়েদারাল্ডের ব্যাটিং সেটআপ ও নড়াচড়ায় কিছু পরিবর্তন ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপের মধ্যে সেটি কার্যকর হবে কি না, তা বলা কঠিন।
ওয়েদারাল্ডের জায়গায় ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধনের দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাট রেনশ। ৩০ বছর বয়সী এই বাঁহাতি সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন তিনি।
দ্বিতীয় টেস্টের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে রেনশর। সর্বশেষ শেফিল্ড শিল্ড মৌসুমেও ছিলেন দুর্দান্ত। ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে প্রায় ৫০ গড়ে রান করেছিলেন তিনি।
তবে উদ্বোধনী জুটিতে রেনশর জায়গা এখনও নিশ্চিত নয়। দলে থাকা জশ ইংলিসকেও ট্রাভিস হেডের সঙ্গী হিসেবে বিবেচনা করতে পারেন নির্বাচকেরা।
এদিকে ওয়েদারাল্ড বাদ পড়লেও দলে টিকে গেছেন মার্নাস লাবুশেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তার রান ছিল ১ ও ৩১। সর্বশেষ ৪২ টেস্ট ইনিংসে মাত্র ২৫.২৩ গড়ে রান করেছেন তিনি। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরিও নেই তার।
লাবুশেনের ফর্ম নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ৩১ বড় কোনো স্কোর নয়। তিনি রান পাচ্ছেন না, সেটি লাবুশেন নিজেও জানেন এবং দলও জানে। তাকে সেরা অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।
ডারউনে চার দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে জিততেই হবে।



































