আম ব্যবসায়ীদের জন্য চার জেলায় শনিবারও ব্যাংক খোলা
Published : ১৯:৪৩, ২৬ জুন ২০২৬
চলমান আমের মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন সহজ করতে রাজশাহী বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলায় শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৬ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
সার্কুলারে বলা হয়েছে, আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়ে থাকে। এসব এলাকায় পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমবাজার এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজস্ব বিবেচনায় এসব শাখা পরিচালনা করতে হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


































