কৃষক স্মার্ট কার্ডধারী ও বন্যাকবলিত কৃষকদের ঋণে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

কৃষক স্মার্ট কার্ডধারী ও বন্যাকবলিত কৃষকদের ঋণে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৮, ৩ জুন ২০২৬

প্রান্তিক, ভূমিহীন এবং সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কৃষক স্মার্ট কার্ডধারীদের ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ (এফআইডি) সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং গ্রাহক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চালু পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিঋণ কার্যক্রম আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আওতায় কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তবে কৃষক স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকদেরও যাতে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয়, সে বিষয়েও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যও বিশেষ ঋণ সহায়তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের হাওরাঞ্চলের কৃষকদের পাশাপাশি দেশের অন্যান্য জেলার ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা সংশ্লিষ্ট সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement