কৃষির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে: ডা. জুবাইদা রহমান
Published : ১৩:০৭, ২৮ নভেম্বর ২০২৬
কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারকে বিশ্বপরিসরে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগ জোরদার করা জরুরি।
তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় বর্তমানে ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিল কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।

































