জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেল স্মার্ট ডেইরি লিমিটেড
Published : ১৯:৪২, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয় প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ অর্জন করেছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদিপশুর খামার ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি রৌপ্য পদক পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ সপ্তাহের আয়োজন করেছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হয়েছে। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির খামারে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত পরিচর্যা এবং পরিকল্পিত খামার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের পাশাপাশি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে কাজ করছে তাঁদের দল।
তিনি বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। এ সম্মাননা দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, পণ্যের গুণগত মান এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের ডেইরি শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

































