ভুল নীতি ও পরিকল্পনার অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

ভুল নীতি ও পরিকল্পনার অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৭, ১৬ আগস্ট ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও কার্যকর পরিকল্পনার অভাবে দেশের কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের সঠিক নীতি ও কার্যকর পরিকল্পনার অভাবে কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি। একই সঙ্গে তাদের স্বাভাবিক জীবনযাপনেও নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে সরকার কাজ করছে। উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যকর উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এর আগে অতিথিরা স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

শেয়ার করুনঃ
Advertisement