গাজীপুরে ৬ মাসের লক্ষ্যে জয়দেবপুরে ফ্লাইওভার ও তুরাগে সেতুর ভিত্তিপ্রস্তর
Published : ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর সিটি করপোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
এই কর্মসূচির আওতায় আগামী ছয় মাসের মধ্যে গাজীপুরের দীর্ঘদিনের সমস্যা জয়দেবপুর রেলগেট এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ এবং কাশিমপুরে তুরাগ নদী-এর ওপর দুটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে গাজীপুর সিটিকে একটি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন প্রশাসক এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
শওকত হোসেন বলেন, নগরীর ১৯টি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যাতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং নগরবাসী স্বস্তিতে থাকতে পারেন।
তিনি আরও জানান, গাজীপুরকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজটমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সিটি করপোরেশনের বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত তার অপসারণ করে ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রশাসক বলেন, সিটি করপোরেশনে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে দ্রুত নাগরিক সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ওয়ারিশ সনদ ও জন্মনিবন্ধন সনদের মতো জরুরি সেবা দ্রুত সরবরাহ নিশ্চিত করা হবে।
নগরবাসীর সুবিধার্থে সিটি করপোরেশনের একটি মোবাইল অ্যাপ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন।
এছাড়া নগরীর ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ এবং শিশুদের জন্য শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এর আগে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন নবনিযুক্ত প্রশাসক।
তিনি বলেন, ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন প্রত্যক্ষ করবেন বলে তিনি আশাবাদী।
মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি/এএন





























