প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাচ্ছিলেন পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত
Published : ২০:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে গার্ড অব অনার জানাতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া। দুর্ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে জেলা পুলিশ লাইনস থেকে একটি গাড়িতে করে কয়েকজন পুলিশ সদস্য প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়ার উদ্দেশ্যে বাঞ্ছারামপুরের দিকে রওনা হন।
পথে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আটজন সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিডি/এএন





























