মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ
Published : ১৬:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত কৃষকদের নিকট সুদসহ পাওনা প্রায় ১,৫৫০ কোটি টাকা রয়েছে, যা এই ঋণ মওকুফের আওতায় আসবে। মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা এতে উপকৃত হবেন।
সচিব আরও জানান, ঋণ মওকুফের ফলে আনুমানিক ১২ লাখ কৃষক সরাসরি লাভবান হবেন। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের বোঝা থেকে মুক্ত হবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
বিডি/এএন

































