টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়?

টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের বিশেষ সময়। এ মাসে রোজা পালন করতে গিয়ে দৈনন্দিন নানা কাজকর্ম নিয়ে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়।

বিশেষ করে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না—এ বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। টুথপেস্ট বা মাজন ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় কি না এবং শরিয়তের দৃষ্টিতে এ বিষয়ে বিধান কী—সংক্ষেপে তা তুলে ধরা হলো।

রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহারের বিধান

রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজা ফিকহবিদদের মতে মাকরুহ। কারণ এসব উপকরণে সাধারণত স্বাদযুক্ত উপাদান থাকে—মিষ্টি, তিতা কিংবা ঝাঁঝালো। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো স্বাদ গ্রহণ করা অনুচিত হিসেবে বিবেচিত হয়। এ কারণে রোজাদারের জন্য এমন বস্তু ব্যবহার পরিহার করাই উত্তম।

তবে ব্রাশ করার সময় যদি টুথপেস্ট বা মাজনের কোনো অংশ গলার ভেতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই রোজা রেখে এগুলো ব্যবহার করলে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন।

অনেক আলেমের মতে, রমজানের দিনে টুথপেস্ট বা পাউডার ব্যবহার থেকে বিরত থাকাই বেশি নিরাপদ। বিকল্প হিসেবে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। মেসওয়াক ব্যবহারে রোজার কোনো ক্ষতি হয় না এবং এটি সুন্নতসম্মত আমল।

হাদিসে মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে এসেছে—

السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

অর্থ: ‘মেসওয়াক মুখকে পবিত্র রাখে এবং এটি আল্লাহর সন্তুষ্টির কারণ।’ — সহিহ বুখারি (হাদিস: ৮৮৭)

ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থসমূহেও উল্লেখ রয়েছে যে, রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ। আর তা যদি গলায় প্রবেশ করে, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। — আল-বাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ২৭৯।

রোজা অবস্থায় মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শরিয়তের বিধান মেনে চলাই সর্বাগ্রে প্রাধান্য পাবে। তাই দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করা অধিক নিরাপদ ও উত্তম পন্থা।

আর বিশেষ প্রয়োজনে টুথপেস্ট ব্যবহার করতে হলে খেয়াল রাখতে হবে, যেন তা কোনোভাবেই গলার ভেতরে প্রবেশ না করে। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে রোজার পবিত্রতা অক্ষুণ্ন রাখা সম্ভব।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement