জাতীয় সংগীত লিখতে না পারায় গ্রাম পুলিশ পরীক্ষায় সকল প্রার্থী ফেল

জাতীয় সংগীত লিখতে না পারায় গ্রাম পুলিশ পরীক্ষায় সকল প্রার্থী ফেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন।

পরীক্ষার শুরুতে তাদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রত্যেককে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে কাউকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়নি।

নিয়োগ পরীক্ষায় একজনও পাস না করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সমালোচনাও শুরু হয়েছে। তবে স্থানীয় সচেতন মহলের অনেকে মনে করছেন, গ্রাম পুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করায় দায়িত্বপ্রাপ্তদের প্রশংসাও করেছেন কেউ কেউ। প্রার্থীরা কেউ উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বিস্ময় প্রকাশ করে বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা পরীক্ষায় দেখা যায়, অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি।

তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের মৌলিক ধারণা থাকা আবশ্যক। জাতীয় সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রার্থীদের এমন অজ্ঞতা উপস্থিত কর্মকর্তাদের বিস্মিত করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement