বিনা অনুমতিতে অন্য পেশায় শিক্ষক নয়, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
Published : ২০:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
তিনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার আপসহীন অবস্থানে রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর-১ আসনের কচুয়া উপজেলায় নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বপূর্ণ পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে নিবেদিত রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য কোনো পেশায় সম্পৃক্ত হন, তাহলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে গণমাধ্যম সেসব বিষয় প্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কচুয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে স্থানীয় সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি/এএন

































