পাকিস্তানি বাহিনীর দাবি নিহত ২২৮ তালেবান সদস্য

পাকিস্তানি বাহিনীর দাবি নিহত ২২৮ তালেবান সদস্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এখন পূর্ণমাত্রার রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগান তালেবান লক্ষ্য করে চালানো সর্বশেষ অভিযানে অন্তত ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। ‘অপারেশন গজব লিল-হক’ নামের এই সামরিক অভিযানে তালেবানদের ৭৪টি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮ জন যোদ্ধাকে আটক করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeeraর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার মধ্য দিয়ে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং লড়াই সীমান্ত এলাকা ছাড়িয়ে দুই দেশের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের আফগানিস্তান মিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিক হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের হামলা ছিল কেবল সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্য করে এবং এতে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এর জবাবে গত বুধবার আফগান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালায়।

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক অভিযানে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও ইসলামাবাদ এ সংখ্যার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তারা জানিয়েছে তালেবানের হামলায় পাকিস্তানের ভেতরে ২৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্ত সংঘর্ষে আরও দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে ব্যাপক বিমান হামলা চালায়। হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান।

বর্তমানে দুই প্রতিবেশী মুসলিম-প্রধান দেশের সীমান্ত অঞ্চল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং কমান্ড পোস্ট ধ্বংসের মাধ্যমে তালেবানদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে।

অন্যদিকে তালেবান সরকার দাবি করেছে, তাদের নিহত যোদ্ধার সংখ্যা মাত্র আটজন। তবে পাকিস্তানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী হতাহতের সংখ্যা কয়েক গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement