আখুন্দজাদা কি নিহত? আফগানিস্তানে তোলপাড়
Published : ১৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দাভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা Open Source Intelligence (OSINT) Europe-এর ইউরোপ শাখা।
শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওসিন্ট ইউরোপ জানায়, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে তালেবান এবং সরকার গঠন করে। সেই সময় থেকেই হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কার্যত তার নির্দেশনা ও নীতিগত সিদ্ধান্ত অনুযায়ীই তালেবান প্রশাসন পরিচালিত হয়ে থাকে।
তালেবান সরকারের সমর্থনপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দমন করার অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সীমিত আকারে বিমান অভিযান চালায় পাকিস্তানের বিমানবাহিনী। ওই অভিযানে দুই প্রদেশ মিলিয়ে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন বলে জানা যায়।
এর জবাবে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় আফগান সেনারা।
আফগান সংবাদমাধ্যম Tolo News এক প্রতিবেদনে জানায়, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আফগান বাহিনী। তাদের হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন এবং আরও কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ডুরান্ড লাইন এলাকায় হামলার সময় তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে দাবি করেন, আফগান সেনারা নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এবার পাকিস্তানি বাহিনীকে কঠোর জবাব দেওয়া হবে।
ডুরান্ড লাইনের ওই ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে।
অভিযান শুরুর পর এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে এবং পরিস্থিতি এখন সরাসরি সংঘাতের দিকে যাচ্ছে।
তিনি আরও মন্তব্য করেন, পাকিস্তান সেনাবাহিনী এই অঞ্চলের বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং প্রতিবেশী হিসেবে প্রতিপক্ষের কৌশল তারা ভালোভাবেই বোঝে।
বিডি/এএন

































