ছাত্রলীগ করায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা
Published : ১২:০৭, ৪ মার্চ ২০২৬
ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে মো. আবু জাফর নামের ওই ব্যক্তি হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
হলফনামা থেকে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ৪৮ বছর বয়সী ব্যবসায়ী আবু জাফর তার ২৪ বছর বয়সী ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য ঘোষণা করেছেন। নাহিদ বর্তমানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য আচরণ করে আসছে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে। বর্তমানে সে পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের ইচ্ছামতো আলাদা থাকছে বলেও সেখানে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৪–এর পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও নাহিদ সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তিনি বিব্রত ও ক্ষুব্ধ হন বলে হলফনামায় উল্লেখ করেন বাবা।
হলফনামায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নাহিদ হাসান সবুজের আয়-রোজগার, ঋণ-দেনা কিংবা ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের দায়ভার পরিবারের ওপর বর্তাবে না। পাশাপাশি তার সঙ্গে পারিবারিক রক্তসম্পর্ক ও আইনগত সম্পর্ক বিচ্ছিন্ন করার কথাও ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে আবু জাফর বলেন, দেশের প্রচলিত আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে তার সন্তান জড়াক, তা তিনি চান না। একাধিকবার সতর্ক করার পরও ছেলে সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিডি/এএন































