গলাকাটা অবস্থায় উদ্ধার ৭ বছরের শিশুটি আর নেই

গলাকাটা অবস্থায় উদ্ধার ৭ বছরের শিশুটি আর নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২২, ৩ মার্চ ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল।

টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।

রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার গলায় জরুরি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরদিন তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)-এ স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু ঘটে।

এর আগে রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের অভ্যন্তরে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকা থেকে অচেতন অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়।

ইকোপার্কের চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথম তাকে দেখতে পান। পরে তারা দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চাচা মো. রমিজ জানান, তাদের বাড়ি এবং ইরার বাবার বাড়ির দূরত্ব প্রায় আধা কিলোমিটার। রোববার সকালে ইরা নিজ বাড়ি থেকে বের হয়েছিল। পরিবারের ধারণা, সে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে কীভাবে এবং কার মাধ্যমে সে ওই দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছায়, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

এ ঘটনায় পরিবার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। ইরার মৃত্যুর পর সেই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, “অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement