ইরানে ১০০০ জনেরও বেশি বেসামরিক নিহত
Published : ১০:৪৯, ৪ মার্চ ২০২৬
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মাত্র চার দিনেই ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী অন্তত ১৮১ জন শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একই সময়ের মধ্যে অন্তত ৫ হাজার ৪০২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেও কমপক্ষে ১০০ জন শিশু রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
হারানার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত টানা চার দিন ইরানের বিভিন্ন অঞ্চলে শত শত দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, নিহত ও আহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য আসছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলমান। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডি/এএন






























