দ্য হান্ড্রেড নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার

দ্য হান্ড্রেড নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩২, ৩ মার্চ ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ–এ নিলাম পদ্ধতিতে খেলোয়াড় কেনাবেচার ধারা চালুর পর এবার একই পথে হাঁটছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড।

আসন্ন আসরে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তবে প্রাথমিক তালিকা পেরিয়ে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছেন মাত্র দু’জন।

বর্তমানে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান নিলামের সংক্ষিপ্ত তালিকায় টিকে আছেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব বলতে আপাতত এই দুই ক্রিকেটারই ভরসা।

আগামী ১২ মার্চ লন্ডন-এ অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’–এর এবারের নিলাম। এ উপলক্ষে গত সপ্তাহে প্রকাশ করা হয় নাম নিবন্ধন করা ৭১২ জন পুরুষ ক্রিকেটারের দীর্ঘ তালিকা। সেখান থেকে বাছাই করে চূড়ান্তভাবে রাখা হয়েছে ২৪৭ জনকে।

নিলামের শুরুতেই ডাকা হবে ১০ জন মার্কি ক্রিকেটারের নাম। যদিও সেই তালিকায় বাংলাদেশের কোনো খেলোয়াড় নেই, তবে রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ‘টায়ার-১ স্পিন’ বিভাগে। অন্যদিকে মোস্তাফিজ রয়েছেন লং-লিস্টে, অর্থাৎ চূড়ান্ত ডাক পাওয়ার অপেক্ষায়।

এর আগে প্রকাশিত প্রাথমিক তালিকায় বাংলাদেশের ২৩ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১ লাখ পাউন্ড রিজার্ভ প্রাইস নির্ধারণ করেছিলেন মোস্তাফিজ। রিশাদ হোসেন নিজের নাম অন্তর্ভুক্ত করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাকি ক্রিকেটাররা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যের তালিকায়। তবে শেষ পর্যন্ত ফিজ ও রিশাদ ছাড়া অন্য কেউ নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement