তিথি-আলভীর প্রেম কি তবে সত্যি? যা বললেন তিথি
Published : ২২:২২, ৩ মার্চ ২০২৬
সম্প্রতি আত্মহত্যার ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অনেকেই দাবি করছেন, সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরেই নাকি ইকরা আত্মহত্যার পথ বেছে নেন।
ইকরার পরিবার ও তার ঘনিষ্ঠ বান্ধবীরাও একই ধরনের অভিযোগ তুলেছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও নেপাল সফর শেষে দেশে ফিরে অবশেষে মুখ খুলেছেন তিথি।
আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথি বলেন, দীর্ঘদিন ধরেই তারা একসঙ্গে কাজ করছেন। তার ভাষায়, কোনো কর্মস্থলে সহকর্মীদের মধ্যে যেমন বন্ধুত্ব গড়ে ওঠে, তেমনটাই তাদের সম্পর্ক।
চার-পাঁচ বছর একসঙ্গে কাজ করলে ভালো বন্ধুত্ব হওয়া অস্বাভাবিক নয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইন্ডাস্ট্রিতে আলভী তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন।
তিথি আরও বলেন, অনেকেই অভিযোগ করছেন—‘আলভী তার স্ত্রীর শেষ দেখা দেখতে আসেননি, বরং গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ছিলেন।’ তিনি এ বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে জানান, পুরো টিমের সঙ্গেই তারা ২ মার্চ দেশে ফিরেছেন।
ইকরা যেদিন আত্মহত্যা করেন, সেদিনের পরিস্থিতি নিয়েও ব্যাখ্যা দেন তিথি। তার দাবি, ঘটনার দিন দেশে ফেরার জন্য টিকিট সংগ্রহে নানা জায়গায় যোগাযোগ করা হলেও প্রথম দিন কোনো ফ্লাইটে আসন পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা হলে পুরো টিম একসঙ্গে দেশে ফেরেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর প্রায় পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলভী ও ইকরা। তাদের দাম্পত্য জীবনে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিডি/এএন

































