ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের কাউন্সিলে ভয়াবহ হামলা

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের কাউন্সিলে ভয়াবহ হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫১, ৩ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান যখন নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময়েই ওই প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় ধরনের সামরিক হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারণী সংস্থা Assembly of Experts-এর একটি গুরুত্বপূর্ণ ভবনে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র নগরী কোম-এ বিশেষজ্ঞ পরিষদের ওই ভবনটি অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী, যেখানে ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে গোপন বৈঠকে বসেছিলেন, সেই নির্দিষ্ট স্থান লক্ষ্য করেই হামলাটি চালানো হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ৮৮ সদস্যবিশিষ্ট Assembly of Experts নতুন নেতা নির্বাচনের দায়িত্ব গ্রহণ করে। হামলার সময় পরিষদের কতজন সদস্য ভবনের ভেতরে ছিলেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পরিষদের সদস্য আলী মোয়ালেমি এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া কোনোভাবেই বিলম্বিত হবে না।

তার বক্তব্য অনুযায়ী, পরিষদের সদস্যরা অঙ্গীকারবদ্ধ যে কোনো রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কেবল ধর্মীয় বিধান ও বিচক্ষণতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement