সোমবার শেষ কর্মদিবস, শুরু হচ্ছে সাত দিনের ছুটি
Published : ০০:৫৬, ১৭ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। এর আগে সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে সরকার অতিরিক্ত একটি দিন ছুটি ঘোষণা করেছে। ফলে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
স্বাভাবিক নিয়ম অনুযায়ী ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি ছিল। এছাড়া ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। এর মধ্যে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনটিও ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ—এই চারদিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ফলে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ঈদের ছুটি আগেই নিশ্চিত ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
পরবর্তীতে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার মাধ্যমে সরকার মোট সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এই ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে আবার খুলবে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তরও সেদিন থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
বিডি/এএন































