বরিশালে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

বরিশালে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৫, ১৬ মার্চ ২০২৬

বরিশালে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলের দিকে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেখানে কাঠের গুড়ি জমা করে রাখা ছিল। অসাবধানতাবশত ওই কাঠের গুড়ির স্তূপে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে সেখানে বিপুল পরিমাণ কাঠের গুড়ি মজুদ থাকায় আগুন পুরোপুরি নিভে যেতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।

স্টেশন অফিসার রবিউল ইসলাম আরও বলেন, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement