তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ভুয়া বললেন ইউএনও
Published : ২২:৫৬, ১৬ মার্চ ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।
এ প্রসঙ্গে মো. আলাউদ্দিন বলেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে একটি ভুয়া ভিডিও তৈরি করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালে ইউএনও তার কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি কারও ফোনকল রিসিভ করছেন না। যদিও সকাল ৯টার দিকে তিনি অফিসে উপস্থিত হয়েছিলেন, পরে তড়িঘড়ি করে জেলা সদরের উদ্দেশে চলে যান। তবে যাওয়ার আগে অফিসে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবার কেউ কেউ ধারণা করছেন, ইউএনও হয়তো কোনো হানিট্র্যাপের শিকার হয়েছেন।
এ বিষয়ে জানতে ইউএনও মো. আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
তবে একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পূর্বের কর্মস্থলসংক্রান্ত কিছু বিরোধের জেরে কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ভিডিও তৈরি করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এদিকে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনাটি যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি আরও জানান, সোমবার সকালে ইউএনও তার দপ্তরে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
বিডি/এএন































