অভিনেতা জাহের আলভী কারাগারে
Published : ১৫:০৮, ১৮ জুন ২০২৬
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। তাঁর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম আদালতে আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও বাসার মালিক তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।
একই দিন ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তাঁর মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
































