মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:১৫, ২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী প্রতিযোগী জেনিফার ব্যারেটো। চূড়ান্ত পর্বের সব ধাপ পেরিয়ে সেরার স্বীকৃতি পান তিনি। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন।

জেনিফারের মাথায় শোভা পেয়েছে ভেনেজুয়েলার খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ মুকুট। এতে খচিত রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর মধ্য দিয়ে নিজেদের মাটিতে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা জিতল পুয়ের্তো রিকো।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ নির্বাচিত হয়েছেন।

গ্র্যান্ড ফিনালে যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। অনুষ্ঠানে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

শেয়ার করুনঃ
Advertisement