এক বছর ধরে ছেলেকে দেখতে পান না ভোজপুরী অভিনেত্রী সোনম মালিক, রিয়েলিটি শোয়ে কান্না

এক বছর ধরে ছেলেকে দেখতে পান না ভোজপুরী অভিনেত্রী সোনম মালিক, রিয়েলিটি শোয়ে কান্না ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৬, ১৭ অক্টোবর ২০২৬

সন্তান কাছে থেকেও যেন দূরে। গত এক বছর ধরে নিজের সাত বছর বয়সী ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না ভোজপুরী অভিনেত্রী সোনম মালিক। সন্তানকে দেখতে না পাওয়ার কষ্টে রিয়েলিটি শোয়ের মঞ্চে কান্নায় ভেঙে পড়েন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোনম মালিক বর্তমানে ‘রাইজ অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী। অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎ আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। তাঁর এমন অবস্থা দেখে কারণ জানতে চান সহপ্রতিযোগী কাজল রাঘওয়ানি।

একপর্যায়ে নিজের ব্যক্তিগত কষ্টের কথা কাজলকে জানান সোনম। এ সময় গলায় থাকা লকেটে রাখা ছেলের ছবিও দেখান তিনি।

ছেলের ছবি দেখিয়ে সোনম বলেন, “এটা আমার ছেলে। আমি ওর জন্যই এখানে এসেছি। ওর সঙ্গে আমাকে দেখা করতে দেয় না। এক বছর ধরে ওকে দেখিনি।” তবে বিষয়টি অন্য কাউকে না জানানোর অনুরোধও করেন তিনি।

ছেলের বয়স ও অবস্থান সম্পর্কে কাজল জানতে চাইলে সোনম জানান, তাঁর ছেলের বয়স সাত বছর এবং সে হরিয়ানায় থাকে। দীর্ঘদিন সন্তানের সঙ্গে দেখা করতে না পারার কষ্টের কথা বলতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। ছেলের সঙ্গে দেখা করার আকুতিও প্রকাশ করেন তিনি।

মিউজিক ভিডিওর মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন সোনম মালিক। ভোজপুরী অভিনেতা পবন সিংহের সঙ্গে ‘আরা কে ওথলালি’ গানে দেখা গিয়েছিল তাঁকে। পরে মিউজিক ভিডিওর পাশাপাশি অভিনয়েও যুক্ত হন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement