কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস পরিবেশমন্ত্রীর

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস পরিবেশমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৪, ১ জুন ২০২৬

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবেন। প্রয়োজনে বিষয়টি আদালত পর্যন্ত নেওয়ার কথাও বলেন তিনি।

রোববার কুমিল্লা সদর উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, “গুনইঙ্গাজুরি খালের পানি দেখে আমার খুবই খারাপ লেগেছে। এমন পরিবেশ থাকার কথা নয়। আমি নিজে সরেজমিনে দেখেছি। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের বর্জ্যে মানুষের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “ইপিজেড যেমন দরকার, তেমনি সুষ্ঠু পরিবেশও দরকার। পরিবেশ রক্ষার দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। প্রয়োজনে জনগণ আমাকে জবাবদিহির মুখোমুখি করবে।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

কৃষকরা সভায় দ্রুত ক্ষতিপূরণ ও ইপিজেডের বর্জ্য দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
 

শেয়ার করুনঃ
Advertisement