করাচিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন সেনাদের গুলিবর্ষণ

করাচিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন সেনাদের গুলিবর্ষণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১২, ৩ মার্চ ২০২৬

পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সেনাদের গুলি চালানোর অভিযোগ উঠেছে।

৩ মার্চ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই করাচিতে এই ঘটনা ঘটে।

মার্কিন কর্মকর্তাদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সময়ে মার্কিন মেরিন সদস্যরা গুলি ছোড়েন বলেও উল্লেখ করা হয়। তবে তাদের গুলিতে সরাসরি কেউ নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভ চলাকালে স্থানীয় পুলিশ কিংবা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকেও গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়েও স্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য এখনও প্রকাশিত হয়নি।

ঘটনার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement