ওমরাহ শেষে একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি
Published : ১৫:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সৌদি আরবের আবহা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) এবং দেড় বছরের মেয়ে সুুবহা আক্তার। একই ঘটনায় নিহত হয়েছেন ওই পরিবারের গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০) ওশিম উদ্দিন বেপারীর ছেলে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্ঘটনার শিকার পরিবারের এক স্বজন এ তথ্য নিশ্চিত করেছেন।
একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের শহিদ উল্যার ছেলে। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। নিহত প্রবাসী গাড়ির ড্রাইভার ওই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।
পরিবারের আরও সদস্য বাহারুল আলম জানিয়েছেন, মিজান দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজের উদ্দেশে সৌদিতে গিয়েছিলেন। পাঁচ দিন আগে তারা ওমরাহ কার্যক্রম শেষ করে ফেরার পথে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পাশের গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়া থেকে তারা মিজানসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়া মিজানের মেঝো মেয়ে ফাইজার চিকিৎসার খবরও তারা পেয়েছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরণের সহযোগিতা প্রদান করব।”
বিডি/এএন


































