দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব বেছে নিতে ভোটারদের সচেতন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে লক্ষ্যে নির্বাচনকে সামনে রেখে তিনটি স্লোগান প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের কোনো বিকল্প নেই। দায়িত্বশীল ও সচেতন ভোটাররাই পারে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করতে।
এই লক্ষ্য সামনে রেখেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুদক। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করতে জনস্বার্থে তিনটি স্লোগান প্রচারের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
দুদক নির্ধারিত স্লোগানগুলো হলো—
দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন;
দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট;
সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।


































