নির্বাচনের আগে পোস্টাল ভোটারদের জন্য ইসির জরুরি নির্দেশনা
Published : ১৫:১৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করা এবং ব্যালট পেপার সংবলিত খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়া আবশ্যক।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইসি আরও জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে যারা এখনও তাদের খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করেননি, তাদেরকে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, সময়মতো কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে। এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে যাতে ভোটের স্বচ্ছতা ও নির্ভুল গণনা নিশ্চিত করা যায়।
অন্যদিকে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা বাংলাদেশে বসবাসরত ভোটারদের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট পেপার প্রাপ্তির পরপরই ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
ভোট দেওয়ার পর ব্যালট সংবলিত হলুদ খামটি অবশ্যই নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। খাম জমা দেওয়ার শেষ সময়ও ১০ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সময়মতো রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতে নির্ধারিত তারিখের মধ্যে ডাকঘরে খাম জমা দেওয়া অত্যন্ত জরুরি।
দেরিতে জমা দিলে ব্যালট পৌঁছতে বিলম্ব হতে পারে এবং তা গণনা প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকিও থাকে। কমিশন সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় দায়িত্ব পালন নিশ্চিত করতে এই সময়সীমা কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ করেছে।
বিডি/এএন

































