সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় দিনের মতো দপ্তরে উপস্থিত হয়ে অফিস করছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব পালনের এই পর্যায়েই তিনি একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে জানা গেছে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বিদ্যমান শিক্ষাক্রম বা কারিকুলাম পর্যালোচনা করা হবে।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। সেই কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা এবং শিক্ষাকে কর্মসংস্থানমুখী ও যুগোপযোগী করে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই নীতিগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা, অনিয়ম ও দুর্বলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সময়োপযোগী কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

বুধবার বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন এবং দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement