প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’: নাসীরুদ্দীন পাটোয়ারি

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’: নাসীরুদ্দীন পাটোয়ারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

“আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, তবুও আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। আমরা মুখ বন্ধ করব না”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী দাবি করেন, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধী চক্র তার কাছে এসে সমঝোতার প্রস্তাব দিয়েছিল। কেউ বলেছে তাদের সঙ্গে ‘ডিল’ করতে, আবার কিছু ব্যবসায়ীও একই ধরনের প্রস্তাব দিয়েছে। এমনকি প্রশাসনের কিছু লোকও এসে তাকে নীরব থাকার বিনিময়ে জয় নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি জানান, এসব প্রস্তাবে তিনি রাজি হননি এবং কারও সঙ্গে আপস করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে তিনি মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। তবে নির্বাচনি প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ডের ভূমিকা পালন করুন। যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, রমজান মাসে আমরা তাদের হেদায়েতের দাওয়াত দিতে থাকব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কেউ ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে—সে যেই হোক না কেন, এমনকি কারও স্ত্রী বা ভাতিজা হলেও—তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এটি ওসমান হাদির আসন উল্লেখ করে তিনি বলেন, তার স্বপ্নের ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়; তাদের প্রধান লক্ষ্য হলো বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে যাবেন বলে জানান তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement