রোজার শুরুতেই শসা-বেগুনের দাম চড়া, ফল কিনতে হিমশিম
Published : ১৬:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবছর রমজান এলেই যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া এক অঘোষিত নিয়মে পরিণত হয় দেশে। রমজানের এক থেকে দেড় মাস আগেই বাজারে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন সিন্ডিকেট, সৃষ্টি করা হয় কৃত্রিম সংকটের পরিবেশ।
এবারও সেই চিত্রের ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম দিনেই হঠাৎ করে বেগুন ও শসার দাম সেঞ্চুরি ছুঁয়েছে। একইসঙ্গে লেবুর হালি গিয়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। ফলে ইফতারের প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ফল কেনার বাজেটে চাপ পড়ছে ক্রেতাদের ওপর।
বাজারে পণ্যের দৃশ্যমান কোনো ঘাটতি না থাকলেও সবজির দামে যেন আগুন জ্বলছে। পাশাপাশি ফলের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু তাই নয়, মুরগির বাজারেও দেখা গেছে অস্বাভাবিক ঊর্ধ্বগতি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও সবজির দামে অস্বাভাবিক উষ্ণতা বিরাজ করছে। বিশেষ করে লেবু, শসা ও বেগুনের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
মান ও আকারভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বেগুন ও শসার কেজিও ছাড়িয়েছে ১০০ টাকার ঘর। বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, রমজান শুরু হতেই দাম এমন বাড়বে তা ভাবিনি। লেবু ছাড়া ইফতার যেন কল্পনাই করা যায় না, অথচ এক হালি লেবু কিনতেই এখন ১২০ টাকা দিতে হচ্ছে। বেগুন ও শসার দামও ১০০ টাকার বেশি।
রমজানে ইফতারে ফলের চাহিদা বাড়ে স্বাভাবিকভাবেই। এই সুযোগে আপেল, আনার ও মাল্টার দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এসব ফলের কেজিপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আরেক ক্রেতা বলেন, সারাদিন রোজা রাখার পর কিছুটা ফল খাওয়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু বর্তমান দামে ফল অনেকের বাজেটের বাইরে চলে যাচ্ছে।
ইফতার ও সেহেরিতে আমিষের চাহিদা পূরণে অধিকাংশ পরিবারের নির্ভরতা মুরগির ওপর। তবে গত এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। সোনালি মুরগির কেজি ৩২০ টাকা এবং লেয়ার মুরগির দাম ৩৩০ টাকায় পৌঁছেছে।
রমজানকে কেন্দ্র করে মসলার দামও চড়া। রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন ক্রেতারা। তাদের প্রত্যাশা, নতুন সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার নিয়ন্ত্রণে আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাবে।
বিডি/এএন

































