হিরো আলমকে যে অভিযোগে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়

হিরো আলমকে যে অভিযোগে ধাওয়া করে গ্রেপ্তার করা হয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগের প্রাথমিক তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত করে। এরপর আদালত অভিযোগটি আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিয়ের আশ্বাসের নেপথ্যে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে, ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে পুলিশের গাড়ি দিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement